ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সাবেক নৌ-বাহিনী প্রধান সরওয়ার জাহান মারা গেছেন

বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল (অব.) সরওয়ার জাহান নিজাম আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।  শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।


সরওয়ার জাহানের ভাই, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার (১১ অক্টোবর) বাদজোহর নৌবাহিনী সদর দপ্তর মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে যথাযথ সামরিক মর্যাদায় বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।


সরওয়ার জাহান নিজাম দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।১৯৫২ সালে চট্টগ্রামের আনোয়ারার সম্ভ্রান্ত নিজাম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৩ সালের ১ জুন সাব-লেফটেন্যান্ট পদে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। ২০০৭ সালের ১০ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশের ১১তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ছিলেন দেশের প্রথম ভাইস অ্যাডমিরাল।


আইএসপিআর জানায়, সরওয়ার জাহান নিজাম দেশপ্রেম, পেশাদারিত্ব ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে নৌবাহিনীর অগ্রযাত্রা ও আধুনিকায়নে অনন্য ভূমিকা রাখেন। নৌবাহিনী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

ads
ads
ads

Our Facebook Page

↑